সোমবার 12 জুমাদাল ছানী 1448 - 23 নভেম্বর 2026
বাংলা

পবিত্রতা ও নামাজের উপর রক্ত ও ক্ষতের পানি বের হওয়ার প্রভাব

প্রশ্ন

আমি ব্রণের সমস্যায় ভুগছি। ব্রণ আমার মুখ এবং কাঁধে দেখা যায়। এই ব্রণগুলো অনেক সময় ফুলে যায় ও প্রদাহ সৃষ্টি করে এবং শেষ পর্যন্ত ফেটে গিয়ে রক্ত বের হয়। আবার কখনো কখনো প্রদাহের কারণে হলুদ রঙের তরল (পুঁজ সদৃশ) বের হয়। অনেক সময় এই রক্ত আমার পোশাকে লেগে যায়। এমতাবস্থায় আমি যদি নামায পড়তে চাই, তবে কি এই পোশাক পরিবর্তন করা বা ধুয়ে ফেলা আমার উপর ওয়াজিব?

উত্তর

আলহামদু লিল্লাহ।.

এক:

শরীরের দুটি পথ (প্রস্রাব ও পায়খানার রাস্তা) ছাড়া অন্য কোনো অংশ দিয়ে রক্ত বের হলে অজু ভাঙবে কি না— এ বিষয়ে ফকিহগণের মধ্যে মতভেদ রয়েছে। ইতিপূর্বে 45666 নং প্রশ্নোত্তরে এ বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। অধিক গ্রহণযোগ্য মত হলো, এতে অজু ভাঙবে না। এটি ইমাম মালেক ও ইমাম শাফেয়ী (রহ.)-এর মাযহাব এবং শায়খুল ইসলাম ইবনে তাইমিয়্যাহ (রহ.) এই মতটিই পছন্দ করেছেন।

দুই:

আপনার পোশাকে যে রক্ত বা পুঁজ লেগেছে তা যদি সামান্য হয়, তবে ওই পোশাক পরে নামায পড়তে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি রক্তের পরিমাণ বেশি হয়, তবে জমহুর ফুকাহাগণের (অধিকাংশ আলেম) মতে ওই কাপড় ধুয়ে ফেলা বা পরিবর্তন করা আবশ্যক।

তবে কোনো কোনো আলেম এই মত পোষণ করেছেন যে, মানুষের শরীরের দুটি পথ ছাড়া অন্য কোনো অংশ থেকে যে রক্ত বের হয়, তা মূলত পবিত্র; নাপাক নয়।

শায়খ ইবনে উসাইমীন (রহ.) বলেন:

"যারা মানুষের রক্তকে পবিত্র বলেন, তাদের মতটি অত্যন্ত শক্তিশালী। কারণ কুরআন-সুন্নাহর দলিল এবং কিয়াস এটিই নির্দেশ করে।"

[আশ-শারহুল মুমতি (১/৪৪৩)]

আল্লাহই সর্বজ্ঞ

সূত্র: ইসলাম জিজ্ঞাসা ও জবাব